সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের পরদিন ডোবার মধ্যে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয় নারীরা।
আশাশুনি থানার ওসি মো. গোলাম কবির জানান, এলাকাবাসীর মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে খোকা নামের ছয় বছরের এক শিশু একদিন নিখোঁজ হয়। পরদিন (আজ) সোমবার ডোবার পানির মধ্য থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে।
পুলিশ যাওয়ার আগেই শিশু খোকা’র বাবার বাড়ি কলিগঞ্জে মরদেহ নিয়ে গেছে। শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছে।
শোভনালী ইউনিয়নের সংশ্লিট ইউপি সদস্য গফফার সরদার জানান, মৃত রাকিবুল হাসান খোকা কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের আ. রহমানের ছেলে। সে মা রাবেয়া বেগমের সাথে বাকড়া গ্রামে নানা লতিপ সরদারের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরের পর হঠাৎ করেই নিখোঁজ হয়। সোমবার সকালে গভীর নলকূপের পানি নিতে যাওয়ার সময় স্থানীয় নারীরা হঠাৎ করে দেখতে পান রাস্তার পাশে ডোবার মধ্যে ভেসে উঠেছে।
রাস্তায় কাজ করার জন্য স্ক্যাভেটার মেশিনে মাটি কেটে গর্ত করা হয়েছিল, আর সেই গর্তের পানিতেই, খোকার মৃতদেহটি ভেসে উঠেছে। পানি নিতে যাওয়া নারীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ভেসে থাকা রাকিবুল হাসানের মৃতদেহটি উদ্ধার করে।