নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে জরিমানা গুনল বর

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত লকডাউনের কারণে নববধূকে শ্বশুরবাড়িতে আনতে হেলিকপ্টার ভাড়া করেছিল বরপক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে হেলিকপ্টারে চড়ে নববধূর আসা দেখতে ভিড় করে গ্রামের শত শত বাসিন্দা। তবে হেলিকপ্টারে করে নববধূ এনে লোকসমাগমের মাধ্যমে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে বরের পরিবারকে। গতকাল সোমবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রশাসনের লোকজন আসার খবরে বর সাগর ও তার বাবা পালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগরের চাচা আবদুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

বর সাগর আহমেদ সরদার (২৪) শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাদপুর নতুন হাট এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে। আর নববধূ কাউনান খন্দকার বন্যা (২৩) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের আলী করিম খন্দকারের মেয়ে।

নতুন হাট গ্রামের একাধিক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে দক্ষিণ ভাষানচর গ্রামের কাছে নতুন হাট ব্রিজে নামেন সাগর আহম্মেদ। হেলিকপ্টারে করে নববধূকে আনা হবে, এমন খবর আগেই গ্রামে প্রচার হয়। হেলিকপ্টার ও নববধূকে দেখতে শত শত মানুষ জড়ো হয় নতুনহাট এলাকায়। হেলিকপ্টার থেকে নববধূ নেমে আসার পর তাকে পালকিতে করে নেওয়া হয় বরের বাড়িতে। এ সময় বাজনা বাজিয়ে নববধূকে নিয়ে বাড়িতে প্রবেশ করে ব্যান্ড দল। ওই দৃশ্য দেখতে শত শত লোক রাস্তায় অবস্থান নেয়। যাদের বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। এ খবর পেয়ে ইউএনও মনদীপ ঘরাই সাগর সরদারের বাড়িতে পৌঁছেন। কিন্তু ইউএনও আসার খবর পেয়ে বর সাগর ও তার বাবা জাহাঙ্গীর সটকে পড়েন। তবে তার চাচা যেহেতু অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মনদীপ ঘরাই দেশ রূপান্তরকে বলেন, ‘মহামারী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোকসমাগম করে স্বাস্থ্যবিধি লংঘন করা হয়েছে। যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যদি স্বাস্থ্যবিধি লংঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’