দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সর্বোচ্চ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন করে শনাক্ত হওয়া ৮ হাজার ৩৬৪ রোগীর মধ্যে প্রায় অর্ধেক ঢাকার হলেও দেশের অন্যান্য এলাকায়ও শনাক্ত বেড়েছে, বেশি বেড়েছে খুলনা ও চট্টগ্রামে। রংপুরেও রোগী বেড়েছে কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। তবে রাজশাহী বিভাগে শনাক্ত হওয়া রোগীর মৃত্যু হয়েছে গত ১৫ দিনের মধ্যে সবচেয়ে কম। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই উপসর্গসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগওয়ারী হিসাবে ঢাকায় দৈনিক শনাক্তের সংখ্যা আগের দিনের ১ হজার ৬৪৮ জন থেকে বেড়ে ৩ হাজার ৯৯৮ জন হয়েছে, যা সারা দেশের মোট শনাক্তের প্রায় অর্ধেক। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে নতুন রোগীর সংখ্যা আগের দিনের ৪৮৯ জন থেকে বেড়ে ৮১১ এবং খুলনা বিভাগে ১ হাজার ২০২ থেকে বেড়ে ১ হাজার ৪৬৪ জন হয়েছে। রংপুরে শনাক্ত হয়েছে ৫০২ জন। রাজশাহী বিভাগে ৯৬২ থেকে কমে হয়েছে ৮৮৩ জন।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
রংপুর বিভাগে আরও ৮ মৃত্যু : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৫০৩ জন মারা গেছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫২০ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও ও দিনাজপুরের তিনজন করে এবং লালমনিরহাট ও রংপুরের একজন করে রয়েছেন। অন্যদিকে নতুন শনাক্ত হওয়া ৫২০ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৭৮, ঠাকুরগাঁওয়ের ১১৫, নীলফামারীর ২৩, পঞ্চগড়ের ৩১, কুড়িগ্রামের ৩৭, লালমনিরহাটের ৩৫, গাইবান্ধার ৩৯ ও রংপুরের ৬২ জন রয়েছেন। এখন পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৩ জন। শনাক্তের হার ৪১ দশমিক ২১ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন।
রাজশাহীতে মৃত্যু কমেছে : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। গত ১৫ দিনের মধ্যে এটি বিভাগে সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ১৩ জুন ছয়জনের মৃত্যু হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার চার, জয়পুরহাট ও নওগাঁর একজন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮৩২।
বিভাগে বগুড়া জেলায় করোনায় সর্বোচ্চ ৩৭৭ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ জনের মৃত্যু রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৪, নাটোরে ৪৯, জয়পুরহাটে ২৭, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে।
বরিশালে আরও ৭ মৃত্যু : বরিশালে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাতজন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচজনের এবং পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন।
এ পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন। বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩০১। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন।
খুলনায় মৃত্যু হাজার ছাড়াল : খুলনা বিভাগে করোনাভাইরাসের প্রকোপ কোনোভাবেই কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল সোমবার পর্যন্ত খুলনায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গতকাল সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা বলছেন, শুধু লকডাউন অথবা স্বাস্থ্যসেবা বৃদ্ধি করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ছয়, মেহেরপুরে চার, ঝিনাইদহে চার, চুয়াডাঙ্গায় দুই, বাগেরহাটে দুই, যশোরে এক, সাতক্ষীরায় এক ও নড়াইলে একজন মারা গেছেন।
সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৭৮ জন।
ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং বাকিরা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২ জন। এ ছাড়া ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৯৩ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, দুই সপ্তাহ ধরে জেলায় আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৬৮৩টি নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা পজিটিভ হয়েছেন। এদিন শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। রবিবার রাত পর্যন্ত জেলায় ৭৫৮ জন আইসোলেশনে রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৮৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। জেলায় মোট মৃত্যু ৮২ জনের।