চট্টগ্রামের বাঁশখালীতে পাইপ লাইনের গাড়ির সাথে অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু ও গুরুতর আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী।
সোমবার গভীর রাতে উপজেলার শিলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারের উত্তরে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শীলকৃপ ইউনিয়নের মনছুরিয়া বাজারের উত্তরে পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত যানবাহন বন্ধ করে রাখা হয়েছে।
সিএনজি আটোরিকশাটি পাইপ লাইনের কাজে ব্যবহৃত গাড়ীর সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার ৪ জন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়া (৫১) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং অপর যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত বাদশা মিয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে, মোহাম্মদ বেলাল, আবু তাহের ও শাহ জাহান।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল জানান, পাইপ লাইন গাড়ি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাদশা মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলা হচ্ছে বলে তিনি জানান।