সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব ও পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার গাজিরচট এলাকার উষাপল্ট্রি মোড়ে এম এ মতিন ও ব্যবসায়ী রহিম খার মাঝে এই ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ভয়ে কেউ বের হয়নি। তবে যতটুকু দেখেছি দুই পক্ষই গুলি ছুড়েছে। বাহিরে এখনও বেশ কয়েকটি গুলির খোসা পড়ে আছে। এ ঘটনায় এলাকাবাসী খুবই আতঙ্কিত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এম এ মতিন ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি জমি কিনে বঙ্গবন্ধু মেডিকেলের প্রস্তাবিত সাইনবোর্ড দিয়ে রেখেছেন।
তিনি বিভিন্ন মানুষের জমি দখল করে আসছেন দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে রহিম খাঁ নামের মানিকগঞ্জের এক ব্যবসায়ীর একটি জায়গা দখল করেন তিনি; তার কাছে কোনো কাগজপত্র নেই। তার পরেও তিনি এই জায়গা দখল করে রয়েছেন।
মঙ্গলবার সকালে রহিম খার লোকজন ওই জমির মালিকানা দাবি করে জায়গাটি বুঝে নিতে আসলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
উষা পল্ট্রি মোড়ের এক চা-দোকানদার বলেন, গোলাগুলির ঘটনা এখানে নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আমাদের অভ্যাস হয়ে গেছে।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। বিস্তারিত জেনে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।