মুন্সীগঞ্জে মেঘনায় ট্রলার ডুবে নারী নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজীরগাঁও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে আলুবোঝাই ট্রলার ডুবে এক নারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ বেলায়েতুন্নেসা (৫২) মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লাচর এলাকার আব্দুল জলিলের স্ত্রী।

গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, জেলা শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চঘাট থেকে আলুবোঝাই করে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আলুবোঝাই ওই ট্রলারে চড়ে ছেলে রকিবকে সঙ্গে করে বেলায়েতুন্নেসা চাঁদপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন।

পথিমধ্যে গজারিয়া উপজেলার কাজীরগাঁও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়। এতে ট্রলার চালক জাহাঙ্গীর ও রকিব সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে নারী বেলায়েতুন্নেসা নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই গজারিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।