ক্রিকেটে ওমানের পথচলা ২০০০ সাল থেকে। ২০১৪ সালে আইসিসির সহযোগী দেশ হওয়া দেশটিতে সম্প্রতি ক্রিকেটের জোয়ার বইছে। সেই জোয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের প্রথম পর্বে খেলবে তারা। এবার আরও খুশির খবর প্রথমপর্বের স্বাগতিকও ওমান। ঘরের মাঠেই প্রথমবার বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে গেছে দেশটি। আইসিসিকে ধন্যবাদ জানিয়ে ওমান ক্রিকেট লিখেছে, ‘আমাদের আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপে সহ-আয়োজক হওয়ার সুযোগ করে দেওয়ায় আমরা সত্যি আইসিসির কাছে কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হয়, কিন্তু এর ভেতরে অনেক গোপন বিষয় থাকে, অধ্যবসায়ের, ফোকাস ও কঠিন পরিশ্রম এই স্বপ্ন পূরণের পথ হয়ে ওঠে।’ করোনার কারণে ভারত থেকে সরিয়ে টি-২০ বিশ্বকাপ আরব আমিরাতে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি গতকাল। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আসরের প্রথম রাউন্ডে ওমানের সঙ্গে আছে নামিবিয়া, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ইন্টারনেট।