করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন চলাকালে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে আরও বলা হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত সোমবার থেকে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এটিকে বলা হচ্ছে ‘সীমিত পরিসরের লকডাউন’, যা বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ।