বিনোদন সাইট স্টারমেকার ব্যবহারকারীদের প্রলুব্ধ করে ক্যাসিনো কারবারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ টাঙ্গাইল মির্জাপুর থানার মইষামোরা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী রওশন আরা (৩৪) ও ঝিনাইহদহ পৌর এলাকার রাজু আহম্মেদ (৩৫)। তাদের বিরুদ্ধে অনলাইনে আয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ এনেছে সিআইডি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, অভিনব পন্থায় স্টারমেকার বিনোদন সাইট ব্যবহার করে আসছিল চক্রটি। মানুষ সুস্থ বিনোদনের আশায় সেখানে সংগীত চর্চা ও আড্ডা দেয়। আড্ডার আড়ালে তারা ব্যবহারকারীদের জুয়ার দিকে আকর্ষণ করে। তারা ভার্চুয়াল আইডির মাধ্যমে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিট কয়েন বিক্রি করে। আসামিদের কয়েন সেলার আইডিতে প্রতিদিন প্রায় ৩ থেকে ৫ লাখ কয়েন বিক্রি হয়। যার মূল্য এক লাখ ডলারেরও বেশি। পরে বিট কয়েন বিক্রির টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় তারা।
তিনি আরও জানান, চক্রটির কাছ থেকে কেনা বিট কয়েন ভাঙিয়ে দেশে থেকে টাকা সংগ্রহ করার কোনো সুযোগ নেই। তারপরও লোকজন নেশায় আসক্ত হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ কয়েন কিনে অনলাইন জুয়ায় হেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভার্চুয়াল কয়েনই স্টারমেকার লাইট/স্টারমেকার অ্যাপসের চালিকাশক্তি। রওশন আরা ও রাজু স্টার মেকারের বাংলাদেশি কয়েন এজেন্সি হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় অফার দিয়ে আসছিল। তারা এসব কয়েন বিক্রি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযানে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, ৫টি মোবাইল, ভার্চুয়াল কয়েন বিক্রির রেজিস্টার, ব্যাংকের চেক বই, ল্যাপটপ, কম্পিউটার ও ৩০টি সিমকার্ড জব্দ করা হয়।