প্রধান বিচারপতি বললেন

আইনজীবীদের ১০% মামলা বিনা ফিতে করা উচিত

আইনজীবীদের অন্তত ১০ শতাংশ মামলা (অসচ্ছল বিচারপ্রার্থীদের) বিনা ফিতে করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি ফৌজদারি আপিল মামলার শুনানিকালে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় বিভিন্ন মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের ফি বাড়ানো উচিত বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ^জিৎ দেবনাথ এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের (আইনজীবীদের) উচিত অন্তত ১০ শতাংশ মামলা ফ্রি করা। এটি আপনাদের বাউন্ডেড ডিউটি (অর্পিত দায়িত্ব)। কারণ আইন পেশা একটি সেবা। আগে তো আইনজীবীরা ফি নেওয়ার সময় টাকাও দেখতেন না। কিন্তু এখন আইন পেশা ব্যবসা হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘মামলায় স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) দেওয়া হয়। স্টেট ডিফেন্সের ফি বাড়ানো উচিত।’

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ সময় বলেন, ‘পৃথিবীর অনেক দেশে আইনজীবীদের রিনিউ (সনদ নবায়ন) করতে হয় এবং নবায়নের আগে দেখাতে হয়, তিনি কয়টি মামলা প্রো-বোনো (জনস্বার্থে) করেছেন। এটি না হলে আইনজীবীদের রিনিউ করতে দেওয়া হয় না।’ এ সময় আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এ বিষয়ে একমত প্রকাশ করে বলেন, ‘এটি করলে ভালো হতো। আমি মনে করি, আমাদের এখানেও এটি করা যায়।’