মেহেরপুরে করোনায় এক দিনে ৩ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মেহেরপুরে করোনায় এক দিনে তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এদের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুজন এবং অপরজন জেলা সদরের নিজ বাড়িতেই মারা যান।

মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত (৭০) গতকাল নিজ বাড়িতে মারা যান। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অন্যদিকে গাংনী জুগিন্দা কুচুইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫) এবং গাংনী বামুন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০) করোনা আক্রান্ত হয়ে তিন দিন আগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়।

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত) ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্য দাঁড়াল ৪৮৪ জনে। ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১০০ সিটের মধ্যে ৯০ জন ভর্তি আছেন।

সিভিল সার্জনের ভাষ্য, পরিস্থিতি এমন চললে হাসপাতালে রোগী ভর্তি সম্ভব হবে না। স্বাস্থ্যবিধি মেনে ঘরে না থাকলে জেলার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।