বৃষ্টির কারণে ভারী মাঠ। দুই দলেরই স্বাভাবিক খেলায় যা ছেদ ঘটাচ্ছিল। এরপরও বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি বেশ উত্তেজনা ছড়াল। শেষ পর্যন্ত যার রোমাঞ্চকর সমাপ্তি এবং পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া বসুন্ধরার।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচটিতে মোহামেডানকে ১-০ গোলে হারায় বসুন্ধরা। একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেসেরা। দুই দলের প্রথম লেগের দেখায় ৪-১ গোলে জিতেছিল কিংসরা।
লিগে এখনো অপরাজিত বসুন্ধরা কিংস। ১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে দলটি। অন্যদিকে চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডান ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
এদিন ম্যাচের ২০ মিনিটেই মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ সুজন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। কিন্তু ধাক্কা সামলে বসুন্ধরা কিংসের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ঐতিহ্যবাহী দলটি।
তারকাসমৃদ্ধ বসুন্ধরা কিংসের আক্রমণভাগ তুলনামূলকভাবে ছিল বিবর্ণ। দ্বিতীয়ার্ধে বেশ খানিক সময় তাদেরকেও খেলতে হয় ১০ জন নিয়ে। ৭৬তম মিনিটে ইয়াসিন খানকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
ম্যাচটি যখন গোলশূন্য ড্র ধরে নিয়েছেন সবাই, তখনই রাউল বেসেরা গোল করে আনন্দে মাতান কিংসদের। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনিয়োর চিপ বুক দিয়ে নামিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন তিনি।
লিগে বেসেরার গোল হলো ১৫টি। এক গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তার ক্লাব সতীর্থ রবিনিয়ো।
বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়।