অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে টপকে আবারো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯০১ রেটিং নিয়ে এখন সবার ওপরে তিনি। ৮৯১ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে স্মিথ।
এ মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি উইলিয়ামসন। যার প্রভাব পড়ে র্যাঙ্কিংয়ে। নেমে যান দ্বিতীয়স্থানে।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন উইলিয়ামসন। সুবাদে স্মিথকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিউজিল্যান্ড। ফাইনালের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রস টেলর, ডেভন কনওয়ে, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্টের।
প্রথম ইনিংসে ১১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের সাথে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন টেলর। অপরাজিত ৪৭ রান করেন তিনি। এতে তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে ওঠেন অভিজ্ঞ এই ব্যাটার।
ম্যাচের প্রথম ইনিংসে ৫৪ রান করায় র্যাঙ্কিংয়ে ৪২তম স্থানে উঠেছেন কনওয়ে। ১৮ ধাপ উন্নতি হয়েছে তার।
ফাইনালের প্রথম ইনিংসে ৩১ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ২ উইকেট নিয়ে সেরার পুরস্কার পান জেমিসন। ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে উঠেছেন তিনি। দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন বোল্ট।
৯০৮ রেটিং নিয়ে বোলারদেরে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। তার রেটিং ৩৮৬। বাংলাদেশের সাকিব আল হাসান ৩৩৮ রেটিং নিয়ে আছেন পঞ্চমস্থানে।