খেলরত্ন পুরস্কারের জন্য অশ্বিন-মিতালীর নাম সুপারিশ করল বিসিসিআই

ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্নের জন্য মিতালী রাজ ও রবিচন্দ্রন অশ্বিনের নাম সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এ ছাড়া বোর্ড অর্জুনা পুরস্কারের জন্য পুরস্কারের জন্য সুপারিশ করেছে শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহর নাম। জাতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়।

গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর বছর পার করেছেন ভারত নারী ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিতালী রাজ। নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৭১৭০ রান এই ৩৮ বছর বয়সী তারকার। তার নেতৃত্বে ভারত দুইবার (২০০৫ ও ২০১৭) ওয়ানডে ক্রিকেটের ফাইনাল খেলে।

অফস্পিন অলরাউন্ডার অশ্বিন এর আগে মিতালী রাজের মতো অর্জুনা পুরস্কার পেয়েছেন। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। ৭৯ টেস্টে ৪১৩ উইকেট নিয়েছেন অশ্বিন।  ওয়ানডেতে তার উইকেট ১৫০ ও টি-টোয়েন্টিতে ৪২টি। ৩৪ বছর বয়সী তারকা সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছেন আসরের সর্বোচ্চ ৭১ উইকেট নিয়ে।

এর আগে কেবল চার ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অভিজাত সংক্ষিপ্ত তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা।