বিয়ের শপিং করার কথা বলে বাড়ি থেকে বের হন ব্যাংক কর্মকর্তা। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পান স্বজনরা। কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোকজন।
এক সপ্তাহ পর গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তাকে গতরাতে (৩০ জুন) ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ।
তাকে কেউ ধরে নিয়ে যায়নি; পাত্রী পছন্দ হয়নি বলে স্ব-ইচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান পলাশবাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন। এরপর আবু সুফিয়ানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সুপার জানান, পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে আবু সুফিয়ানের বিবাহের দিন ঠিক করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হ্ওয়ায় বিয়ের শপিং করার কথা বলে তিনি ঢাকায় চলে যান। সেখানে আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্ব-ইচ্ছায় আত্মগোপন করেন।
তিনি বলেন, এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশাড়ি থানায় জিডি করলে গাইবানধার পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তাকে খুঁজে বের করেন এবং গাইবান্ধায় নিয়ে আসেন।