শিশুদের মানসিক বিকাশের জন্য তাদের বাড়ির কাজেও যুক্ত করা উচিত। এতে শুধু আপনার হাতের সময় বাঁচবে তাই নয়, তাদেরও বাড়ির কাজের সঠিক শিক্ষা দেওয়া যায়। ঘরের যেসব কাজে শিশুরাও সাহায্য করতে পারে
লন্ড্রি : বয়স ও সামর্থ্য অনুযায়ী শিশুদের লন্ড্রির কাজ শেখানো শুরু করতে হবে। ঘরের যেকোনো কাজ শুরুর আগে কাপড় গোছানোটাই সবচেয়ে সহজ। ৫ বছরের নিচে বয়সী শিশুদের রং অনুযায়ী কাপড় আলাদা করতে শেখাতে পারেন। নোংরা ও পরিষ্কার কাপড়ের মধ্যে পার্থক্য শেখাতে পারলে শিশুরা নিজে থেকেই সেটি করবে। আরেকটু বড় বয়সী শিশুদের নিজের আলমারি বা ওয়্যারড্রবে কাপড় ভাঁজ করে আলাদা করে রাখতে শিখিয়ে দিন।
ধুলো ঝাড়া : শিশুদের হাতে একটি কাপড় দিন। তাদের উচ্চতা অনুযায়ী যেসব জায়গা তারা মুছতে পারে সেগুলো জায়গা মুছে নিতে শেখান। শুরুর দিকে শিশুর সঙ্গে থেকে কীভাবে পরিষ্কার করতে হয় বুঝিয়ে দিতে হবে।
থালাবাসন ধোয়া : আপনি যখন সিংকে থালাবাসন ধোয়ার কাজ করবেন, সঙ্গে শিশুকেও রাখুন। ধোয়া শেষে কোন জিনিস কোথায় রাখতে হবে দেখিয়ে দিন।
সিংক পরিষ্কার : দাঁত ব্রাশ অথবা খাওয়া শেষে প্লেট ধোয়ার সময় সিংক নোংরা হয়ে যায়। তাদের দেখিয়ে দিন কীভাবে সে নোংরা পরিষ্কার করতে হয়। শিশুরা আগ্রহ নিয়েই শিখবে।
ময়লা ফেলা : ঘর গোছানো শেষে ময়লাগুলো এক জায়গায় করে ঝুড়িতে ফেলতে শেখান। এতে শিশু যেখানে সেখানে ময়লা ফেলবে না। আপনার কাজও কমে আসবে অনেক।
নিজের রুম পরিষ্কার : শিশুদের নিজের রুম পরিষ্কার করার জন্য কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত। যে জিনিস যেখানে রাখতে হয় তাদের শুরুর দিকে বলে দেওয়ার পরে নিজেদের মতো করেই ঘর গুছিয়ে রাখতে দিন। কাজ শেষে অবশ্যই প্রশংসা করতে ভুলবেন না।