করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে আরও ৪৫ লাখ টিকা আসছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এ টিকা দেশে পৌঁছাবে। এর মধ্যে মডার্নার টিকা ২৫ লাখ এবং চীনের তৈরি সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে।
আজ শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ২৫ লাখ টিকার মধ্যে ১২ লাখ ডোজ এবং তার ঠিক ত্রিশ মিনিট পর সিনোফার্মের ১১ লাখ টিকা আসবে। এছাড়া আগামীকাল একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ এবং সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা আসবে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কোভ্যাক্স থেকে আমরা কনফার্মেশন পেয়েছি। ৩ তারিখের (জুলাই) মধ্যে আমাদের এখানে টিকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই চালানে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এটা ভালো খবর আমাদের জন্য। এটা পেলে টিকাদান কর্মসূচি আরও বেগবান হবে।’
ফাইজার-সিনোফার্মের টিকাদান শুরু : দুই মাসের বেশি সময় পর গতকাল যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার টিকা ফাইজার ও চীনা কোম্পানি সিনোফার্মের টিকা নিয়ে সারা দেশে আবারও গণটিকাদান শুরু হয়েছে। ঢাকায় ৪৮টি কেন্দ্রে এ টিকা দেওয়া হয়। এর মধ্যে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে ৪০টি কেন্দ্রে। ৭ কেন্দ্রে দেওয়া হয়েছে ফাইজারের টিকা। এছাড়া সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও ২৫০ শয্যার হাসপাতালে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকা সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল সে কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল। সম্প্রতি চীনের সিনোফার্ম এবং যুক্তরাজ্যের ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর বুধবার আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
৫৩ কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা : সারা দেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ৫৩টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা। এর মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহের রবি কিংবা সোমবারের মধ্যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফাইজারের টিকা নিতে পারবেন প্রবাসীরা। সৌদি ও কুয়েতফেরত প্রবাসীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কারণ এ দুটি দেশের কর্মীরা এক ডোজ ফাইজারের টিকা নিয়ে সে দেশে গেলে আরেক ডোজ সেখান থেকে নিতে পারবেন। অন্যথায় কোয়ারেন্টাইনে থাকার জন্য ৭০-৮০ হাজার টাকা গুনতে হবে। তবে ফাইজারের টিকা পাওয়ার জন্য সব প্রবাসীকে অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরোতে নাম তালিকাভুক্ত করতে হবে।’
ইমরান আহমেদ আরও বলেন, ‘প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।’ এক্ষেত্রে প্রবাসীদের ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি।