যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার নিউ মেক্সিকোর তাওস এলাকায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর এএফপির।
রামসফেল্ড ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন। ইরাক যুদ্ধের হোতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রামসফেল্ড।
ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে লাখো মানুষ যখন বিক্ষোভ করেছে তখনো রামসফেল্ড ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ইরাকে হামলার পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখেন। ইরাকে হামলাকে তারা বুশের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেন।
গুয়ানতানামো বে ও আবু গারিব কারাগারে বন্দিদের ওপর নির্যাতন চালানোর পক্ষেও অবস্থান ছিল রামসফেল্ড ও চেনির। আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও রামসফেল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রামসফেল্ডের মৃত্যুতে শোক জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বুশ বলেছেন, ‘রামসফেল্ড প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। তিনি ভালো মানুষ ছিলেন।’ সরাসরি ইরাকে হামলার প্রসঙ্গ উল্লেখ না করে তিনি বলেন, ‘রামসফেল্ড সেনাবাহিনীকে আস্থার জায়গায় নিয়ে গিয়েছিলেন। রামসফেল্ড যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও উন্নত করেছেন।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে রামসফেল্ড ছিলেন অন্যতম। তিনি ১৯৭৫ থেকে ১৯৭৭ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।