ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ব্রিকস জোটের প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এনডিবির প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জোর মধ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন করে ব্রিকস ব্যাংক নামের পরিচিত ব্যাংকটিতে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার বিষয়ে আশ্বাস দেন প্রাদো ট্রয়জোর। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও একই ধরনের আশ^াস দিয়েছিলেন তিনি।
ব্যাংকটির সদস্যপদ লাভ করলে বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের ক্ষেত্র হিসেবে একটি নতুন সম্ভাবনাময় দ্বার উন্মোচিত হবে। শুরু থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরেরও বেশি সময়ে ব্যাংকটি তার সদস্য দেশগুলোকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা করেছে।
মার্কোস প্রাদোর সঙ্গে দ্বিপক্ষীয় ভার্চুয়াল এ বৈঠকে গত এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নকে তুলে ধরেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদাও বাড়ছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে বলে অভিমত ব্যক্ত করেন।
উন্নয়নকে টেকসই করতে এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। মুস্তফা কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বজনীন নীতি হলো বন্ধুত্বের নীতি। এ নীতির আলোকেই বাংলাদেশ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে দৃঢ় বন্ধন প্রতিষ্ঠিত হবে।’
ব্যাংকটিতে বাংলাদেশের সদস্যপদ লাভে মার্কোস প্রাদোর দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং এ সংক্রান্ত সহযোগিতার আশ্বাসে ধন্যবাদও জানান অর্থমন্ত্রী।
এনডিবির আনুষ্ঠানিক যাত্রা হয় ২০১৫ সালের ২১ জুলাই। ব্যাংকটির মোট মূলধন ১০ হাজার কোটি মার্কিন ডলার। প্রাথমিক মূলধন ৫ হাজার কোটি ডলার। ২০১৬ সাল থেকে এনডিবি অবকাঠামো ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রিকসভুক্ত দেশে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। ব্যাংকটি অবকাঠামো, সেচ, পানিসম্পদ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, সবুজ জ¦ালানি এবং নগর উন্নয়ন খাতসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে। ইতিমধ্যে কভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সদস্য রাষ্ট্রসমূহের কার্যক্রমে ব্যাংকটি অংশগ্রহণ করছে। ২০২০ সালে ব্যাংকটি একসঙ্গে ৭২টি প্রকল্পে ২৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে।