আইন লঙ্ঘন করে পণ্যক্রয়ের দরপত্রে ব্র্যান্ড ও দেশের নাম!

সরকারি ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন মেনে দরপত্র আহ্বান করতে মন্ত্রিপরিষদ সচিবসহ সব দপ্তর প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। গত ১৭ জুন পাঠানো এ চিঠিতে দরপত্র আহ্বানে পণ্য ক্রয়ের সময় ব্র্যান্ড ও দেশের নাম উল্লেখ না করার জন্য বলা হয়েছে। কোনো কোনো ক্রয়কারী সংস্থার বিভাগীয় দর তফসিলে (রেট শিডিউল) আবশ্যকীয় পণ্যের ব্র্যান্ড নাম বা সুনির্দিষ্ট দেশ বা দেশের নাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশ নিতে পারে না; অবাধ প্রতিযোগিতার সুযোগ হ্রাস পায়। সেই সঙ্গে সব দরদাতার প্রতি সমআচরণের অন্তরায় হয়ে দাঁড়ায় যা ক্ষেত্রবিশেষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে বলে মনে করছে সরকারের ক্রয়সংক্রান্ত বিশেষায়িত প্রতিষ্ঠান সিপিটিইউ।

সরকারি সূত্রগুলো বলছে, গত ১৭ জুন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে থাকা সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট সব চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীদের চিঠি দেন। সেখানে বলা হয়, ‘সরকারি তহবিল দিয়ে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের বিনির্দেশ (স্পেসিফিকেশন) প্রস্তুতের বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট আইন, (পিপিএ) ২০০৬ এর ধারা ১৫(১) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (পিপিআর) বিধি ২৯ এ বিশদ নির্দেশনা উল্লেখ করা হয়েছে। প্রতিযোগিতামূলক ক্রয় পদ্ধতিতে সব দরপত্রদাতার প্রতি সমআচরণ এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ক্রয়তব্য পণ্যের কারিগরি বিনির্দেশ প্রস্তুত করার সময় ওই পণ্যের আবশ্যকীয় সব বৈশিষ্ট্য, মান ও ব্যবহার উপযোগিতার সব দিক উল্লেখ করতে হবে। তবে কারিগরি বিনির্দেশে কোনো কোনো পণ্যের ট্রেডমার্ক, পেটেন্ট, নকশা বা ধরন, নির্দিষ্ট উৎসব বা দেশের নাম উল্লেখ করা যাবে না (বিধি ১৯/৩)। শুধু বিনির্দেশের সাধারণরূপ প্রস্তুত করে দরপত্রদাতাদের কাছে সহজভাবে বোধগম্য করার জন্য ক্রয়কারীর পর্যাপ্ত কারিগরি দক্ষতা না থাকলে ক্রয়কারী কারিগরি বিনির্দেশের কোনো সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের বিবরণ উল্লেখ করতে পারে, তবে এ ক্ষেত্রে ওই বিনির্দেশে “বা এরূপ বা সমতুল্য” শব্দ যোগ করতে হবে (বিধি (৪)। প্রণিধানযোগ্য যে, কোনো অবস্থাতেই কোনো বিশেষ ব্র্যান্ড বা উৎসের প্রতি আনুকূল্য প্রদর্শনের জন্য এটি উল্লেখ করা যাবে না। কোনো কার্য বা সেবা ক্রয়ের প্যাকেজে আবশ্যকীয় কোনো পণ্যের বিবরণ থাকলেও একই বিধি প্রযোজ্য হবে।’

চিঠিতে আরও বলা হয়, ‘সম্প্রতি সময়ে সরকারি ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত অংশীজনের কাছ থেকে এ ধরনের অভিমত পাওয়া গেছে, দরপত্র আহ্বানের ক্ষেত্রে কোনো কোনো ক্রয়কারী আবশ্যকীয় পণ্যের ব্র্যান্ড নাম বা মডেল এবং নির্দিষ্ট দেশের অঞ্চলের নাম উল্লেখ করছে। অধিকন্তু, কোনো কোনো ক্রয়কারী সংস্থার বিভাগীয় দর তফসিলে (রেট শিডিউল) আবশ্যকীয় পণ্যের ব্র্যান্ড নাম বা সুনির্দিষ্ট দেশ বা দেশের নাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশ নিতে পারে না, অবাধ প্রতিযোগিতার সুযোগ হ্রাস পায়, সব দরদাতার প্রতি সমআচরণের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং ক্ষেত্রবিশেষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।’

সিপিটিইউ চিঠিতে আরও বলছে, ‘সরকারি দরপত্র প্রক্রিয়া করা বা বিভাগীয় রেট শিডিউল প্রস্তুত করার ক্ষেত্রে পিপিএ, ২০০৬ এর ধারা ১৫(১) এবং পিপিআর, ২০০৮ এর বিধি ২৯ যথাযথ অনুসরণ করে পণ্যের কারিগরি বিনির্দেশ (স্পেসিফিকেশন) প্রস্তুত নিশ্চিত করতে সব ক্রয়কারীকে অনুরোধ করা হলো।’

পিপিএ-২০০৬ এর ১৫ ধারাতে বলা আছে, (১) ‘ক্রয়কারী, দরপত্রদাতাগণের মধ্যে পক্ষপাতহীন ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করিবার উদ্যোগে, ক্রয়ের জন্য নির্দিষ্টকৃত পণ্য ও সংশ্লিষ্ট সেবা, অথবা কার্য ও ভৌত সেবার কারিগরি বিনির্দেশ ও বর্ণনা প্রস্তুত করিবার সময় উহার প্রত্যাশিত কার্যসম্পাদনের যোগ্যতার স্তর, বৈশিষ্ট্য এবং মান সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ বর্ণনা প্রদান করিবে এবং সেইমতো পণ্য, কার্য, সেবা ক্রয় নিশ্চিত করিবে, তবে উহা যেন সীমাবন্ধকরণ না হয় তাহার নিশ্চয়তা বিধান করিতে হইবে।’

উপধারা (২) বলা আছে, ‘ক্রয়কারী, পরামর্শকদের মধ্যে পক্ষপাতহীন ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করিবার উদ্দেশ্যে, পরামর্শকদের কার্যপরিধি নির্ধারণের সময় পেশাগত ও বুদ্ধিবৃত্তিক সেবা ক্রয়ের সঠিক ও পূর্ণাঙ্গ বর্ণনা প্রদান করিবে, তবে প্রতিযোগিতা সীমিত করিতে এইরূপ শর্ত আরোপ করা যাইবে না।’

পিপিআর-২০০৮ এর ২৯ বিধির উপধারা (৩) বলা আছে, ‘কারিগরি বিনির্দেশে কোনো পণ্যের ট্রেডমার্ক বা পণ্যের ব্যবসায়িক নাম, পেটেন্ট, নকশা বা ধরন, নির্দিষ্ট উৎস দেশের নাম, উৎপাদনকারী বা সেবা সরবরাহকারীর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা যাইবে না।’ উদাহারণ হিসেবে বলা হয়, ফোর হুইল ড্রাইভ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে, ক্রয়কারী কোনো নির্দিষ্ট গাড়ির নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করতে পারবে না বা কোনো নির্দিষ্ট প্রস্তুতকারীর গাড়ির কারিগরি বিনির্দেশ উল্লেখ করতে পারবে না, যাতে উক্তরূপে উল্লিখিত কারিগরি বিনির্দেশের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বিস্তারিত কারিগরি বিনির্দেশ উল্লেখ করিতে পারিবে না, যাহাতে উক্তরূপে উল্লিখিত কারিগরি বিনির্দেশের কঠিন শর্তের কারণে অন্যান্য গাড়ি প্রস্তুতকারী দরপত্র দাখিল করিতে সক্ষম না হয়; ভিন্ন ভিন্ন প্রস্তুতকারীগণের গাড়ি এক ও অভিন্ন নয়, কিন্তু অনেক গাড়ির গুণাগুণ ও কার্যসম্পাদন যোগ্যতা খুব কাছাকাছি হতে পারে। এ ক্ষেত্রে গাড়ির কারিগরি বিনির্দেশ সাধারণভাবে প্রস্তুত করা হলে উক্ত ধরনের সকল গাড়ি প্রস্তুতকারীগণ বা তাহাদের এজেন্ট দরপত্রে অংশগ্রহণ করিতে সক্ষম হবে।’

উপধারা (৪) বলা আছে, ‘উপবিধি (৩) এ যাহাই থাকুক না কেন, যদি বিনির্দেশের সাধারণরূপ প্রস্তুতক্রমে উহা দরপত্রদাতাগণের নিকট সহজে বোধগম্য করিয়া উপস্থাপন করিবার জন্য ক্রয়কারী পর্যাপ্ত কারিগরি দক্ষতা না থাকে, তাহলে ক্রয়কারী কারিগরি বিনির্দেশে কোনো সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের বিবরণ উল্লেখ করিতে পারিবে, তবে এই ক্ষেত্রে উহাতে “বা একইরূপ বা সমতুল্য” শব্দগুচ্ছ যোগ করিতে হইবে।’