দেশবাসীকে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, এই করোনার হাত থেকে রক্ষা করতে সরকার ‘লকডাউন’ ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করুন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
‘করোনার নতুন ভ্যারিয়ান্ট অনেক বেশি শক্তিশালী, সংক্রামক এবং লকডাউন বিধিনিষেধের ব্যত্যয় হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে’ স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার এই লকডাউন কখনো প্রলম্বিত করতে চায় না। কিন্তু জনগণের স্বাস্থ্যসুরক্ষার জন্যই এ ব্যবস্থা নিতে হয়েছে। দীর্ঘদিন লকডাউন সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন, তাহলে আমাদের পক্ষে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতা মৃত্যুবরণ করেছেন, অনেক নেতা আক্রান্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ১২৫ জনেরও বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন, তাদের অনেকে এবং দলের সাত থেকে আটশ নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’
লকডাউন চলাকালে খেটেখাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, আছে। অতীতের মতো এখনো খেটে খাওয়া মানুষেরর পাশে থাকার জন্য তাদের আহ্বান জানাই।’
ডা. জাফরুল্লাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাফরুল্লাহ সাহেব বিএনপির সামান্য সমালোচনা করায় জাতীয় প্রেস ক্লাবে তার দিকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে তেড়ে গেল, এতেই প্রমাণ হয়, বিএনপির নিজেদের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নেই।’