সুজেয় শ্যামের নতুন গান

একুশে পদক পাওয়া সুরকার সুজেয় শ্যাম। গত বছর করোনা আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন। অবশেষে করোনাকে জয় করে আবার গানে ফিরলেন। পান্না লাল দত্তের লেখা ‘শোনাও তুমি আজ’ শিরোনামের একটি গানের সুর করেছেন তিনি। গেয়েছেন কণ্ঠশিল্পী সেনিজ। বাংলাদেশ টেলিভিশনের ‘সংগীতা’ অনুষ্ঠানে প্রচারের জন্য তৈরি হয়েছে গানটি। সুজেয় শ্যাম বলেন, ‘গানটি আধুনিক ঘরানার। বেশ কয়েক বছর আগে পান্না লাল দত্তের কথায় দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম করেছিলাম। সেখানে গান গেয়েছিলেন হৈমন্তী শুক্লা, সুবীর নন্দীসহ অনেকে। এবার নতুন প্রজন্মের শিল্পীকে দিয়ে গাওয়ালাম। সেনিজ গানটি ভালোভাবে গাইতে চেষ্টা করেছে।’ তিনি আরও বলেন, ‘এ গানের আগে আরেকটি গান করেছিলাম বিটিভির জন্য। সেটি গেয়েছিল এ প্রজন্মের শিল্পী ঐশী। শরীরের অবস্থা খুব একটা ভালো না। আপাতত বিশ্রাম নিতে চাই, এখন আর গান করার শক্তি পাই না। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।’