দুই ছেলের পর এবার কন্যা

আবারও মা হলেন সুপার মডেল ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী লিসা হেডেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিষয়টি জানাননি তিনি। তবে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খবরটি ফাঁস করেছেন লিসা। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্ত লিসাকে প্রশ্ন করেন, ‘আমাকে বলবেন আপনার ছোট ছোট তিন সন্তান এখন কোথায়?’ এর উত্তরে লিসা লেখেন, ‘আমার কোলে’। এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গেল ফেব্রুয়ারিতে তৃতীয়বার গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন লিসা। সে সময় সেই ভিডিওতে লিসার বড় ছেলে জ্যাককে তিনি জিজ্ঞাসা করেছিলেন, মাম্মির পেটের ভেতর কী আছে? তখন জ্যাক চিৎকার করে বলে উঠেছিল, ‘ছোট বোন’। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালাভানির ছেলে। লিসা-দিনোর বিয়ের কয়েক দিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। এরপর ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়। আর এবার এই দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান।