যশোরে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে যাদের আনা হচ্ছে তাদের খুবই মুমূর্ষু অবস্থা থাকছে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তাদের মৃত্যু হচ্ছে।
এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৬ জনের। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ৭২০ জনের নমুনায় পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তের মধ্যে শনিবারও যশোর সদর উপজেলায় সর্বোচ্চ। সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের। অন্যান্য উপজেলার মধ্যে কেশবপুরে ৬ জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরের ২২ জন, মণিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় ২, শার্শায় ১৮ ও চৌগাছায় ১৬ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।
হাসপাতালেও রোগীর সংখ্যা অন্যান্য দিনের চেয়ে বেশি ছিল শনিবার সকাল পর্যন্ত।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, শনিবার সকাল পর্যন্ত ১৪০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ২০২ জন।