দিনাজপুরের পার্বতীপুরে ফেনসিডিলসহ আরিফ সরদার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিফ সরদার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কেরুর মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল, লাল রঙের জারা ১০০ সিসি ও নীল রঙের ১১০ সিসি জি-হোন্ডা দুটি মোটরসাইকেল। তবে তাদের সঙ্গে থাকা জুয়েল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে পার্বতীপুর মডেল থানায় ২০১৮ সালের মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান, আরিফ, শাহানুর ও জুয়েল কাগজের ব্যাগে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল। সন্দেহ হলে পুলিশ তল্লাশি করে তাদের ব্যাগ থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।
পার্বতীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক খ ম আলাউল হাদী জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।