খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের তৃতীয় করোনা ইউনিটের যাত্রা শুরু হলো। ৫ রোগী ভর্তির মাধ্যমে করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। জরুরি বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি ও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০টি বেডসহ মোট ৪৫টি বেড নিয়ে এই করোনা ইউনিটের যাত্রা শুরু হয়।
গতকাল শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে করোনা ইউনিটের উদ্বোধন করেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচলক ডা. এস এম মোর্শেদ ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ হাসপাতাল থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের জুম মিটিংয়ে যুক্ত ছিলেন।
উদ্বোধনকালে ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ৩৫টি সাধারণ বেড ও ১০টি আইসিইউ সর্বমোট ৪৫টি বেড নিয়ে হাসপাতালটিতে করোনা ডেডিকেটেড ইউনিট চালু হয়েছে।