দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্ত ছেলের ইটের আঘাতে ইমদাদুল হক (৫২) নামে এক শিক্ষক বাবার মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার আবদুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামের নিজ বাড়িতে ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমদাদুল হক চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক। ঘটনার পর থেকে ছেলে রেজওয়ান (২৩) পলাতক।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, চাকরি ছেড়ে দীর্ঘদিন বাড়িতে বসে ছিল রেজওয়ান। শুক্রবার রাতে নেশা করার জন্য বাবার কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় ইট দিয়ে আঘাত করে।