লাইসেন্সবিহীন কুরিয়ারে ডাক আদান-প্রদানে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা

লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান না করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, পোস্ট অফিস আইন, ১৮৯৮ এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩-এর বিধি ১১ (১)-এর নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান করছে বলে জানা গেছে।

এমতাবস্তায় লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।