ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পাওনা টাকার দ্বন্দ্বে জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যায় প্রধান অভিযুক্ত মো. রুবেলকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হাজারীবাগ থানার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১।
জয়নাল আবেদীনের বাড়ি রংপুরের পীরগাছা থানার ষাটভিটায়। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। আটক মো. রুবেল (২৫) মাদারীপুরের বাসিন্দা।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় আব্দুল লতিফ ভাণ্ডারীর ভাড়াবাসায় পাওনা টাকার বাগবিণ্ডতা নিয়ে জয়নাল আবেদীনকে বালিশচাপা দিয়ে হত্যা করা
হয়। পরে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব-১। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে রুবেলকে আটক করা হয়।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি সে মাদক ব্যবসা করত। ঘটনার দিন দুপুরে জয়নাল আবেদীন রুবেলের কক্ষে পাওনা টাকা চাইতে আসে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রুবেল তাকে বিছানায় ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে লাশ খাটের নিচে রেখে কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।