ইউরো ২০২০-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে গতকাল বাকুতে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক। ১৯৯২ সালে ইউরো জিতেছিল তারা। সেই সাফল্য ফিরিয়ে আনার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। ২০০৪ সালে ইউরোর কোয়ার্টারে চেক প্রজাতন্ত্রের কাছে ৩-০তে পরাজিত হওয়ার প্রতিশোধও নিয়েছে ডেনমার্ক। প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় ডেনমার্ক। ৫ মিনিটের মাথায় গোল করেন থমাস ডেলানি। প্রথমার্ধে আরও একটি গোল পায় ডেনমার্ক। ৪২ মিনিটের মাথায় গোল করেন ক্যাসপার ডোলবার্গ। দুই গোলে পিছিয়ে পড়া চেকপ্রজাতন্ত্র দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়েছিল। ৪৯ মিনিটের মাথায় গোল করেন প্যাট্রিক শিক। শেষ ষোলোতে টমাস হোলস এবং প্যাট্রিক শিকের গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল চেকরা। দারুণ ফর্মে থাকা শিক পাচ ম্যাচে ৫ গোল করে ইউরো অভিযান শেষ করলেন। শুধু ইংল্যান্ডের সঙ্গে তিনি গোল পাননি। গতকাল ডেনমার্কের বিপক্ষে গোল পাওয়ায় ৫ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেন শিক।
এবার ইউরোতে চেকরা দারুণ ফর্মে ছিল। শেষ ষোলোতে তারা হারিয়েছে নেদারল্যান্ডসকে। ২০০৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে হারিয়েই সেমিতে উঠেছিল চেকরা। এবার উল্টো ফল হয়েছে। চেকদের হারিয়ে সেমিতে উঠেছে ডেনমার্কই। ডেনমার্ক ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে ওঠে। শেষ ষোলোতে ডেনমার্ক ৪-০তে হারায় ওয়েলসকে। ডেনমার্ক বেলজিয়াম ও ফিনল্যান্ডের সঙ্গে হেরেছে গ্রুপ পর্বের ম্যাচে। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ক ৪-১ গোলে হারায় রাশিয়াকে। ডেনমার্ক এবারের ইউরোতে গতকাল পর্যন্ত করেছে ১১টি গোল। গ্রুপ পর্বে ডেনামার্ক ও ফিনল্যান্ড ম্যাচের দিন মাঠে হার্ট অ্যাটাক করেছিলেন মিডফিল্ডার এরিকসেন। পরে এরিকসেনের অসুস্থতা পুরো দলকে ভালো খেলতে উজ্জীবিত করেছে। দলের অনেকেই বলেছেন তারা এরিকসেনের জন্য জিততে চান। গতকালও খেলার আগে এরিকসেন ছিল বাকুতে। ১০ নম্বর শার্ট তুলে ধরা হয়।