দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর ফেরির পন্টুন মেরামত শুরু

সারাদেশে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিন রোববার। সরকার ঘষিত লকডাউনের প্রথম দিন থেকে ২১ জেলার প্রবেশপথ দৌলতদিয়া ঘাটে নেই ব্যস্ততা ও যানবাহনের চাপ। এ সময়টা কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত পন্টুন মেরামত করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রোববার (৪ জুলাই) সরজমিন ৫ নং ঘাটে গিয়ে দেখা যায়, এক দল মেরামত কর্মী সকাল থেকে পন্টুনের যেসব জায়গা ভেঙে গেছে সেগুলো মেরামত করছে। এর আগে দেশ রূপান্তরে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয় (২৭ জুন) ‘পন্টুনের ভাঙা প্লেটে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার’।

এ সময় কথা হয় কয়েকজন মেরামত কর্মীর সঙ্গে। তারা জানান, ঘাটের ব্যস্ততা কমে গেলেও তাদের ব্যস্ততা কমেনি। নাজিরগঞ্জের কাজ শেষ করে চলে এসেছেন দৌলতদিয়া ঘাটে। এখানে ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের কয়েকটি জায়গার প্লেট ভাঙা ও কিছু জায়গা মেরামতের প্রয়োজন। তারা সেসব ভাঙা জায়গা মেরামত করছে। যাতে যানবাহন ঠিকভাবে ফেরিতে উঠতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডবি­উটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, ৫ নম্বর পন্টুনের কয়েক জায়গার প্লেট ভেঙে গিয়েছিল। সেগুলোর মেরামত কাজ চলছে। লকডাউনের কারণে অনেকটা চাপ কমেছে ঘাটে। এ সুযোগটা কাজে লাগিয়ে ভেঙে যাওয়া পন্টুনের বিভিন্ন স্থান মেরামত কাজ করানো হচ্ছে।