করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে ট্রাক সেল শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রাজধানীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য বিক্রি হবে।
টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বাসসকে বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম চলছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আজ থেকে ট্রাক সেল শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, ঈদুল আজহার জন্য সরকার ঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্য দিনগুলোয় ভ্রাম্যমাণ ট্রাক সেল চলবে।
ট্রাক সেলের মাধ্যমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১০০, চিনি ও মসুর ডালের কেজি ৫৫ টাকায় বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি এবং ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।