বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার খাটিঙ্গা গ্রামের একটি কাঁঠালবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের বাবুল মিয়া ও ফজল খান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পুলিশ খবর পায় খাটিঙ্গা কাঁঠালবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮-১০ জনের একটি ডাকাত দল। পরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালায়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি লম্বা ধারালো ছোরা (কিরিচ), ২টি টর্চ লাইট ও গ্রিল কাটার ১টি যন্ত্র উদ্ধার করে।

এ ব্যাপারে আউলিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা করেছে।