ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত দেড়টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবর রহমান কলেজছাত্র আরিফ হত্যা মামলার প্রধান আসামি।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, নিহত আরিফের বাবার করা হত্যা মামলার অন্যতম আসামি নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে বাগেরহাটের শরণখোলার সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করে গতকাল রবিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরের দিন সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় কলেজছাত্র আরিফ নিহত হন।