একসময় প্লেব্যাকের গান মানেই ছিল কনকচাঁপার মিষ্টি কণ্ঠ। সেই সঙ্গে মোহনীয় গায়কী। দেশের সেরা শিল্পীর একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সুপারস্টার শাবনূরের ঠোঁটে তার গান যেন মিলেমিশে একাকার হয়ে যেত। এখন সেভাবে নতুন গান করেন না তিনি। তবে ফেইসবুকে নিয়মিত লেখালেখি করেন। তার লেখা কবিতার প্রশংসা করেন অনেকেই। কনসার্টে নিয়মিত গান করেন তিনি। দেশে কনসার্ট বন্ধ। তাই এই তারকা শিল্পী এখন আমেরিকার ডালাসে। সেখান থেকে তিনি এক ভিডিও বার্তায় জানান, ‘ডালাসে এসেছি দুটি শো করতে। সেখানকার বিখ্যাত সব চিকিৎসকের সম্মেলনে গান শোনাব। খুব ভালো লাগছে এখানে এসে। দেশের বাইরে বাংলা গান করা সব সময় আনন্দ ও গৌরবের। এখানে ঘুরতেও ভালো লাগছে।’ ভিডিওতে তাকে মাস্ক ছাড়া একটি শপিং মলে হাসিমুখে ঘুরতে দেখা যায়। মনে হচ্ছে খুব উপভোগ করছেন সময়টা।