উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার ও ভ্যাকসিন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে বলেছে উচ্চ আদালত। একইসঙ্গে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলতে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন করতে বলেছে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ। ভার্চুয়ালি আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
আইনজীবী সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে একজন শিক্ষার্থী বিদেশে যাবেন। আগামী সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হবে। বিদ্যমান পরিস্থিতিতে বিদেশে যাওয়ার শর্ত হলো, করোনার দুই ডোজ টিকা নিয়ে ১৪ দিন নিজ দেশে থাকার পর বিদেশ যেতে পারবেন। কিন্তু টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ নেই। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ওই শিক্ষার্থীকে বিদেশ যেতে হবে। এমন পরিস্থিতিতে গতকাল এ বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ^াস দেশ রূপান্তরকে বলেন, ‘করোনারোধী টিকার ক্ষেত্রে বিদেশগামীদের অগ্রাধিকার দেওয়া হলেও বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ওই আইনজীবী বিষয়টি আদালতে উপস্থাপন করেন। আদালত তখন শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পদক্ষেপ রয়েছে কি না এবং এ বিষয়ে করণীয় কী সে বিষয়ে আমাদের কথা বলতে বলেন।’