করোনা: খুলনার তিন হাসপাতালে ১৫ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের এবং খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নতুন করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট হাসপাতলের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সর্বশেষ তথ্য এখনো পাওয়া যায়নি।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গার হাবিবুর রহমান (৮০), রাফেজা (৫৮), একই এলাকার সুভাষ (৮২), জেলার পাইকগাছার আব্দুর রউফ (৪৫) এবং যশোরের কেশবপুরের আব্দুল জলিল খান (৫২)। এ ছাড়া ৫ জন উপসর্গে মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনার টুটপাড়ার করপাড়া রোডের মো. আব্দুল্লাহ্ (৭৭), বয়রা এলাকার মোশাররফ হোসেন (৬৮), বাগেরহাট ফকিরহাটের সরদার মোহাম্মদ আলী (৬৫) এবং চিতলমারীর পুষ্প রানী বালা (৮১)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। পিসিআর ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৪১।