সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে এক দিনে করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনসহ সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরো ২৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ৫৪ ও মৌলভীবাজারের ৬১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলায় চার, সুনামগঞ্জে এক, হবিগঞ্জে দুই ও মৌলভীবাজারের একজন রয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ।