চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে সরকারি জলাশয়ের দখলদারিত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নাজিরহাট পৌরসভার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে ফটিকছড়ি থানায় করা হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পশ্চিম পাশে সরকারি অধিগ্রহণকৃত জায়গায় একটি জলাশয় রয়েছে। জলাশয়টিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল স্থানীয় গুল মুহাম্মদ তালুকদার বাড়ির বাসিন্দারা। জলাশয়টি নিয়ে ওই বাড়ির অংশীদারদের মধ্যে বিরোধ দেখা দিলে চার বছর ধরে জলাশয়টিতে মাছ চাষ করে আসছেন নাজিরহাট পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক হোসেন।
এরমধ্যে গতকাল দুপুরে হোসেন মাছ ধরতে নামলে জলাশয়ের দখলদারিত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। পরে বিকেলে ফটিকছড়ি থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে দু’পক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।