করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ‘কঠোর বিধিনিষেধ’র মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির একাধিক নেতা। গতকাল সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে মন্ত্রীর সঙ্গে তার বাসায় দেখা করেন হেফাজত নেতারা।
মন্ত্রীর সঙ্গে দেখা করার কারণ সাংবাদিকদের জানাতে চাননি হেফাজত নেতারা। কী কারণে বাবুনগরী দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কেউ কিছু বলেননি। তবে সংগঠনটির এক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া এবং কারাবন্দি হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে আলোচনা হয়।
জানা গেছে, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী গতকাল রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেন। তার সঙ্গে সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর একান্ত সহকারী শফিউল আলমও ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা মন্ত্রীর বাসা থেকে বের হয়ে আসেন। তবে সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো কারণ জানাতে চাননি।
হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গতকাল দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জুনায়েদ বাবুনগরী। খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় তিনি বিশ্রাম নেন। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এই মাদ্রাসার অধ্যক্ষ।
চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতার পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় সরকার। সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ প্রায় অর্ধশত নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গ্রেপ্তার অভিযানের মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আগের কমিটি ভেঙে বিতর্কিত কয়েকজনকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। অবশ্য তাতেও বাবুনগরীই আমির পদে থাকেন।
এর আগে গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তারও আগে ১৯ এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজত নেতারা। তখন তারা সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।