করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যেই দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন, সময়মতো আরও ভ্যাকসিন আসবে।’ তিনি বলেন, ‘দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের ডিপ অ্যান্ড এবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন।’
গতকাল সোমবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয়-সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।’
দেশে অক্সিজেন নিয়ে কোনো সংকট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন ।’
সদ্য শেষ হওয়া জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এই সমালোচনা বরাবরের মতো সত্যকে অস্বীকার করার কসরত মাত্র। বিএনপি ঢালাওভাবে মন্তব্য করলেও সংসদ নেতার কোন বক্তব্যটি অসত্য তা স্পষ্টভাবে বলতে পারেনি, প্রকৃতপক্ষে সংসদ নেতার ভাষণ ছিল ইতিহাসের কঠিন সত্যপাঠ।’
বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র, হত্যা আর অগণতান্ত্রিক পথে চালনাকারী বিএনপি কখনো সত্য মেনে নিতে পারে না মনে করে ওবায়দুল কাদের বলেন, ‘সত্য ও সঠিক ইতিহাস তুলে ধরলে ইতিহাস বিকৃতির জনকদের মর্মজ্বালা বেড়ে যাওয়াই স্বাভাবিক।’
বিএনপির নির্বাচনের নামে প্রহসন, দেশবিরোধী ষড়যন্ত্র, অনিয়ম আর দুর্নীতির মাত্রাহীন নিমজ্জন এ দেশে রেকর্ড হয়ে থাকবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা ভুলে গেছেন বেগম জিয়া একজন দণ্ডিত আসামি, মাসের পর মাস অযথা সময়ক্ষেপণ করে বিএনপিই তো বেগম জিয়ার মামলার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।’
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের করা মামলাটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে বিএনপির আইনজীবীরা তা প্রমাণ করতে পারলেন না কেন?’
বেগম জিয়ার মামলা, কারামুক্তি এবং চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা একধরনের রহস্যময় খেলা খেলছেন বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বেগম জিয়ার বিষয়ে বলেন, ‘দায় কেন সরকার নেবে? বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার ঘুঁটি বানাবেন আর দায় নেবে সরকার! তা হবে না।’
বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভালো করেই জানে এ মামলা শেখ হাসিনা সরকার করেনি, তত্ত্বাবধায়ক সরকারের করা এই মামলা।’ তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কোনো বিষয় নয় এখানে।’