দ্রুতই ফাস্ট বোলাররা আমাদের ম্যাচ জেতাবে: ডমিঙ্গো

টেস্ট ক্রিকেটে একটা কথা খুবই প্রচলিত- ‘টেস্ট জিততে হলে আপনাকে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে।’ ঘরের মাঠে স্পিন ট্র্যাক উইকেটে বাংলাদেশের জন্য কাজটা সহজ হলেও বিদেশে দেখা যায় উল্টো চিত্র। বিশেষ করে পেস বোলিং সহায়ক কন্ডিশনে।

তবে বাংলাদেশের পেসারদের উন্নতিতে দারুণ খুশি কোচ রাসেল ডমিঙ্গো বিশ্বাস করেন, ‘সেদিন খুব বেশিদূর নয়, যখন একজন ফাস্ট বোলার আমাদের টেস্ট ম্যাচ জেতাবে।’

ডমিঙ্গো আসলে পেসারদের উন্নতিতে দারুণ খুশি, ‘সবসময়ই যেমনটা বলে এসেছি, পেসারদের উন্নতি নিয়ে আমি আসলে খুবই খুশি। তারা খুবই কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় গত ১৮ মাসে তাদের উন্নতি হয়েছে ব্যাপক। ফাস্ট বোলিং বোঝার ক্ষেত্রে, স্কিলসেটের ক্ষেত্রে, মানিয়ে নেওয়ার ক্ষেত্রে।’

তাই জিম্বাবুয়ে সিরিজে পেসারদের ওপর আস্থা রাখতে চান ডমিঙ্গো। বলছিলেন, ‘কিছুটা সাফল্য তাদের প্রাপ্য। ফল সবসময় তাদের পক্ষে আসেনি। তারা ওটিসের (বোলিং কোচ ওটিস গিবসন) সঙ্গে দারুণ কাজ করছে। তারা পরিশ্রম করতে পিছপা হয় না। টেস্ট ম্যাচের সংখ্যার দিক দিয়ে তারা অনভিজ্ঞ হতে পারে, তবে তারা কঠোর পরিশ্রম করেছে।’

হারারেতে বুধবার টেস্ট দিয়ে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একবারের মিশন। একমাত্র ম্যাচের টেস্ট সিরিজ শেষে আফ্রিকার দেশটির বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।