লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত এক মাসে করোনার নমুনা পরীক্ষা করেছে ১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৩৭৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় আরও ৩৭ জনের। অন্যদিকে বর্ষার মৌসুমে জ¦র, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। গ্রামগঞ্জে জ¦র-সর্দির প্রকোপ বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় রোগী শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫ জন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত জেলার ১১৭ জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন আবদুল গফফার জানান, রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গড়ে প্রতি চারজনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ছে।