ভালুকায় ফেইসবুকে মন্তব্য করা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজছাত্র সাঈম খান খুনের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রামের সবুজ মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলো সাব্বির (১৭), সোহাগ (১৬) ও সারোয়ার (২০)। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নিহত সাঈমের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার তিন আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে গত সোমবার ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গত ৩ জুলাই বিকেলে সাব্বির, সোহাগ ও মনিরকে (২৪) জড়িয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করে একটি স্ট্যাটাস দেয় উপজেলার মেহেরাবাড়ি গ্রামের মিরাজ (১৫)। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সাঈম ও মিরাজ আহত হয়। সাঈম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে মারা যায়।