দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অভিনব কায়দায় তেল বহন করা জার্কিনের ভেতরে করে ফেনসিডিল জাতীয় নেশাদ্রব্য এমকেডিল পাচারকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হিলির পালপাড়ায় হিলি-ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন আজিজার রহমান (৬০) ও জিয়াউর রহমান (৪৫)। তাদের কাছ থেকে ৪০ বোতল এমকেডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটিও আটক করা হয়।
হাকিমপুর থানার এসআই জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পালপাড়ায় আনসার ব্যাটালিয়নের সামনে হিলি-ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে ভ্যানসহ দুজনকে আটক করা হয়। পরে সেই ভ্যানে থাকা তেল বহনের কাজে ব্যবহৃত জার্কিনের তলা কেটে তার ভেতর থেকে ৪০ বোতল নেশাজাতীয় এমকেডিল উদ্ধার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।