করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় এ টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ময়মনসিংহে করোনা প্রতিরোধে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। প্রধানমন্ত্রী ও সরকারের দিকনির্দেশনায় কভিড-১৯ মহামারী মোকাবিলায় সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।