গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৩ জন এবং শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। এটি এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত। গত সোমবার সর্বোচ্চ শনাক্ত ছিল ৯ হাজার ৯৬৪ জন। সোমবার সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়, অর্থাৎ গতকাল মঙ্গলবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হলো।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ হাজার ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এখন পর্যন্ত ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং নারী ৬৫ জন। এখন পর্যন্ত পুরুষ ১০ হাজার ৮৮৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৫০৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ৯১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ৫ জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ৪৫ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ৫ জন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে ১২৬ জন। বেসরকারি হাসপাতালে ২৯ জন এবং বাসায় মারা গেছে ৫ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩ জনকে।