কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ সারা জেলায় এমন অন্তত ৫৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। গত দু’দিনে জেলার ৯ উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র্র লাল ত্রিপুরা এমপি।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আলু, লবণ, তেল, পেঁয়াজ, ডাল।
বুধবার সকালে ২য় দিনের মতো জেলার মহালছড়ি টাউন হলে এ খাদ্য সামগ্রী বিতরণের কাজ উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
কঠোর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন লোক ও দরিদ্র মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ এই উদ্যোগ গ্রহণ করে। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেরা চাঁদা তুলে ৫০ লাখেরও বেশি টাকা সংগ্রহ করে এ খাদ্য সামগ্রী বিতরণ করে পুরো জেলায়।
এর আগে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার দিক নির্দেশনায় জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ওয়ারি পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হয়। পরে তৃণমূল নেতাকর্মীদের সহায়তায় কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, ‘কঠোর লকডাউনে বহু মানুষ খাদ্য সংকটে পড়েছে। অনেকে খাবার কিনে খাওয়ার সামর্থ্য হারিয়েছে। এটা আমরা দেখে থাকতে পারি না। তাই নিজেরাই টাকা তুলে অভাবীদের মধ্যে বিতরণের চেষ্টা করছি মাত্র।’
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘আমরা নেতাকর্মীরা সাধ্যমতো এগিয়ে এসেছি। এখন ৫ হাজার ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছি। ফুরিয়ে এলে আরো সহায়তার হাত বাড়ানো হবে।’
এবার কঠোর লকডাউনের মধ্যে এটাই খাগড়াছড়িতে প্রথম খাদ্য সামগ্রী বিতরণ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।