ভি২০ ক্লাইমেট ভালনারেবলস ফাইন্যান্স সামিট আজ

কার্বন নিঃসরণের জন্য মূলত উন্নত দেশগুলোই দায়ী জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্যই হুমকি। এজন্য জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় তাদেরই এগিয়ে আসতে হবে।

প্রথম ক্লাইমেট ভালনারেবলস ফাইন্যান্স সামিট আয়োজন উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের ফোরাম সিভিএফের বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনটি উদ্বোধন করবেন। অর্থমন্ত্রী জানান, এ সম্মেলনে ভি২০ দেশগুলোর  বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান, জি২০ এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের মহাসচিব ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ সম্মেলনে যোগ  দেবেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী না হওয়ার পরও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। তিনি উদাহরণ দিয়ে বলেন, সমুদ্রসীমার উচ্চতা বাড়লে মালদ্বীপ, জাকার্তার মতো দ্বীপাঞ্চল পানির নিচে চলে যাবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলও ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই ক্ষতি মোকাবিলার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে প্রতিশ্রতিবদ্ধ। ২০১০ সাল থেকে প্রতি বছর সরকার ২০০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা, অভিযোজন এবং প্রশমনে ব্যয় করে আসছে। বর্তমান বাজেটেও এ লক্ষ্যে ২৯০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

 জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থমন্ত্রীদের ফোরাম ভলনারেবল-২০ (ভি২০) এর সভাপতি বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৫ সালে গঠিত ভি২০ গ্রুপের অর্থমন্ত্রীদের এ ফোরাম ক্রমাগতভাবে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে কাজ করছে। ভি২০ ফোরামের সদস্য সংখ্যা ৪৮।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভি২০ দেশগুলোর জনসংখ্যা এখন প্রায় ১২০ কোটি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে অস্তিত্ব সংকটে পড়া এ দেশগুলোর বেশ কয়েকটি ইদানীং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ভি২০ দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে প্রয়োজনীয় অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।