সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার এ বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কমিশন। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দর ছিল ১০৩ টাকা ৩০ পয়সা, বিপুল পরিমাণের শেয়ার লেনদেনের মাধ্যমে যা ৩০ জুন ১৫৩ টাকায় উন্নীত হয়। এর মধ্যে গত ২৮ জুন ডিএসইতে লেনদেন শুরুর মাত্র তিন মিনিটে কোম্পানিটির এক কোটিরও বেশি শেয়ার হাতবদল হয়। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশসেরা একজন ক্রিকেটার, গত বছর তালিকাভুক্ত হওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকের একজন পরিচালক ও একজন সরকারি কর্মকর্তাসহ ব্যক্তিশ্রেণির কয়েকজন বড় বিনিয়োগকারী শেয়ারগুলো কিনে নেন। অস্বাভাবিক লেনদেন ও দরবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতেই এসইসি তদন্ত কমিটি গঠন করেছে।